Image description

টানা ২০০ দিনের বেশি সময় সমুদ্রে থাকার পর বুধবার থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় নোঙর করতে যাচ্ছে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্যবাহী মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। মার্কিন নৌসদস্যদের আগমনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশা করলেও যৌনকর্মীদের তৎপরতা ঠেকাতে আগেই কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, রণতরীটি আসার আগে পাতায়ার প্রধান সৈকত ও রাতের বিনোদনকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশি টহল শুরু হয়েছে। গত রোববার যৌনকর্মী সন্দেহে ৪০ থেকে ৫০ জনকে আটক করা হয়।

‘ইউএসএস আব্রাহাম লিংকন’ দুটি সহযোগী নৌযানসহ লেম চাবাং বন্দরে নোঙর করবে। দীর্ঘ সময় সমুদ্রে থাকার পর সেখানে নাবিকদের বিশ্রাম ও বিনোদনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পাতায়া পুলিশের প্রধান আনেক স্রাথংয়ু বলেন, প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। তবে পাবলিক প্লেসে যৌনকর্মীরা পুলিশের নজর এড়িয়ে সম্ভাব্য খদ্দেরদের সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও জানান তিনি।

থাইল্যান্ডের আইনে যৌনপেশা নিষিদ্ধ হলেও ব্যাংকক ও পাতায়ার মতো পর্যটনকেন্দ্রগুলোতে এ খাতের প্রকাশ্য উপস্থিতি রয়েছে।

এদিকে মার্কিন নৌসদস্যদের আগমনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। পাতায়ার মেয়র পরামাস এনগামপিচেসের হিসাবে, প্রতিটি মার্কিন সামরিক সদস্য প্রতিদিন প্রায় ১ হাজার থেকে ৩ হাজার থাই বাত খরচ করতে পারেন। তারা কতক্ষণ তীরে থাকবেন এবং রাতে শহরে অবস্থান করবেন কি না, তার ওপর ব্যয়ের পরিমাণ নির্ভর করবে।

তবে সব নৌসদস্য একসঙ্গে তীরে নামবেন না। সাধারণত তাদের তীরে যাওয়ার সময় ধাপে ধাপে নির্ধারণ করা হয়। ফলে স্বল্প সময়ের এই সফরও পাতায়ার স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন কর্মকর্তারা।

ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌসদস্যদের ব্যয়ের একটি অংশ শহরের বিতর্কিত বিনোদন খাতেও যেতে পারে। পাতায়ায় যৌন পর্যটনের বিস্তার দীর্ঘদিনের। এ নিয়ে যৌনবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ব্যাংকক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক পিপাটপং ফাকফারে বলেন, বিপুলসংখ্যক নতুন পর্যটক ও গ্রাহকের আগমন যৌনবাহিত রোগের ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে দীর্ঘ সময় সমুদ্রে থাকার পর নাবিকদের মানসিক চাপ ও সাম্প্রতিক সময়ে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রকাশিত প্রতিবেদনও উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন তিনি।

ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনাদের বিশ্রাম ও বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়ার পর ধীরে ধীরে পর্যটন শহরে পরিণত হয় পাতায়া। এবারও মার্কিন নৌসদস্যদের আগমন স্থানীয় ব্যবসায় গতি ফেরাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

এসএস